বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রমিজউদ্দিন আহমেদ সভাপতি এবং মো. মাজম আলী খান মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার রাজধানীর ঢাকা ট্যাক্সেস বার হলরুমে অনুষ্ঠিত সংগঠনের ৩৯তম সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন ট্যাক্সেস বারের আইনজীবীদের প্রতিনিধিত্বে গঠিত এই নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা মোট ৩১। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে সারা দেশে ৪২ হাজারের বেশি কর আইনজীবী রয়েছেন, যাদের পেশাগত স্বার্থ রক্ষায় এই কমিটি কাজ করবে।
কমিটির প্রধান ও গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ
কমিটিতে অতিরিক্ত মহাসচিব (অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল) হিসেবে মো. আবু নাসের মজুমদার এবং কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. সোলায়মান, আইন সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে আশরাফ হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে এম এ হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক হিসেবে মো. নূর নবী পাটোয়ারী এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. জামালউদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন। দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার পর রমিজউদ্দিন আহমেদ দেশের সব সম্মানিত ট্যাক্স আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের ট্যাক্স আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সব সদস্যের সহযোগিতা প্রয়োজন।
আঞ্চলিক ও বিভাগীয় নেতৃত্ব
নতুন কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চল ও বিভাগ থেকে ১১ জন সহসভাপতি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন: সৈয়দ আবদুন নূর (ঢাকা ক্যাপিটাল সিটি), মো. মুসা (কমার্শিয়াল ক্যাপিটাল সিটি-চট্টগ্রাম), মো. শামসুর রহমান খান (ঢাকা বিভাগ), মোস্তফা কামাল মনসুর (চট্টগ্রাম বিভাগ), খান মনিরুজ্জামান (খুলনা বিভাগ), মো. মুনতাসির মামুন (রাজশাহী বিভাগ), এস এম এনায়েত করিম (বরিশাল বিভাগ), আবুল ফজল (সিলেট বিভাগ), হোসেইন আহমেদ শাহজাহান (কুমিল্লা বিভাগ), মোহাম্মদ রুহুল আমিন (ময়মনসিংহ বিভাগ) এবং কাজী মোস্তাফিজুর রহমান (রংপুর বিভাগ)।
উপমহাসচিবদের তালিকা
একইভাবে ১১টি অঞ্চল ও বিভাগ থেকে ১১ জন উপমহাসচিব (ডেপুটি সেক্রেটারি জেনারেল) নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন: এ টি এম রাশেদ বাবু (ঢাকা ক্যাপিটাল সিটি), মো. ইমাম উদ্দিন (কমার্শিয়াল ক্যাপিটাল সিটি-চট্টগ্রাম), মো. জাহাঙ্গীর আলম খান (ঢাকা বিভাগ), মো. সারওয়ার আলম ভূঁইয়া (চট্টগ্রাম বিভাগ), মো. আমিনুর রহমান (খুলনা বিভাগ), আমিরুল হাসান রতন (রাজশাহী বিভাগ), রাজিউল কবির (বরিশাল বিভাগ), মো. মিজানুর রহমান মিঠু (সিলেট বিভাগ), মো. আবুল হাসেম রতন (কুমিল্লা বিভাগ), রাকিবুল আহসান (ময়মনসিংহ বিভাগ) এবং মজমুল হোসেন প্রামাণিক (রংপুর বিভাগ)। সংগঠনটির কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত রাখতে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাটসহ বিভিন্ন ট্যাক্সেস বারের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।

















