ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত এক প্রস্তুতি সভায় এই তারিখ নির্ধারণ করা হয়। সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবারের সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি প্রদান করা হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেটের সভায় এই সম্মাননা প্রদানের বিষয়টি চূড়ান্ত করা হয়।
সমাবর্তন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম প্রণয়ন এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে বিভিন্ন উপকমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়েদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন এবং এ কে এম ফজলুল হক মিলনসহ বিভিন্ন বিভাগের ডিন, প্রাধ্যক্ষ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ডিগ্রি অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এই সমাবর্তনে অংশ নিতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সমাবর্তনে অংশগ্রহণের আবেদনপ্রক্রিয়া আগামী ১ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

















