প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এবার তাদের প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিচ্ছে। প্রতিষ্ঠানটির মোট জনবলের এক-চতুর্থাংশের চেয়েও বেশি কর্মীকে লক্ষ্য করে নেওয়া এই পদক্ষেপ মূলত ব্যয় কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বড় ধরনের বিনিয়োগের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মাইক্রোসফটের চিফ পিপল অফিসার অ্যামি কোলম্যান কর্মীদের পাঠানো এক স্মারকে জানিয়েছেন, যারা কোম্পানির বাইরে নিজেদের ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন, এই প্রস্তাব তাদের সেই পরিবর্তনে সহায়তার সুযোগ করে দেবে। একই সঙ্গে পরিবর্তিত বাজারের চাহিদা ও কোম্পানির অগ্রাধিকারের সঙ্গে কর্মীবাহিনীকে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্য রয়েছে তাদের। পাশাপাশি পরিবর্তিত চাহিদার সঙ্গে কর্মীবাহিনীকে খাপ খাইয়ে নিতেও এটি সহায়ক হবে। বুধবার বাজার বন্ধ হওয়ার পর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে মাইক্রোসফটের।
এই কর্মসূচির আওতায় এআই, কোপাইলট, অর্থ, মানবসম্পদ, এক্সবক্স এবং উইন্ডোজ প্লাস ডিভাইসেস বিভাগের যোগ্য কর্মীরা পড়বেন। তবে বিপণন, বাণিজ্যিক ব্যবসা এবং নিরাপত্তা বিভাগের কর্মীরা এই প্রক্রিয়ার বাইরে থাকবেন। ভারত, কানাডা, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট বিভাগগুলোতে ৭০তম গ্রেড বা তার নিচের পর্যায়ের কর্মীরা এই সুযোগ পাবেন। বর্তমানে বিশ্বজুড়ে মাইক্রোসফটের পূর্ণকালীন কর্মীর সংখ্যা ২ লাখ ২৩ হাজার (গত ৩০ জুনের তথ্য অনুযায়ী)। এটি নির্দিষ্ট সময়ের জন্য চালু করা একটি স্বেচ্ছামূলক কর্মসূচি।
কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো তৈরিতে বড় অংকের অর্থ ব্যয় করছে মাইক্রোসফট। ডেটা সেন্টার ও চিপের পেছনে শত শত বিলিয়ন ডলারের বিনিয়োগের বিপরীতে মুনাফার নিশ্চয়তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কোম্পানিটি ২০২৬ সালে মূলধনি ব্যয় বাবদ ১৭৫ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস দিয়েছে। আগামীতে আর্থিক প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠানটি এর আগেও বড় ধরনের কাটছাঁটের মধ্য দিয়ে গেছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রায় ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। এছাড়া জুলাই মাসে এক্সবক্স গেমিং ব্যবসার পুনর্গঠনে ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাই ও পাঁচটি গেম স্টুডিওতে বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দেয় তারা।

















