মজুরি বৃদ্ধির দাবিতে রোববার দিনব্যাপী রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্প এলাকায় ব্যাপক বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন পোশাক শ্রমিকরা। শ্রমিকদের এই উত্তাল আন্দোলনের মুখে নিরাপত্তার খাতিরে শিল্পমালিকরা তিন শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে শিল্প পুলিশ। শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে বাধা দেওয়ার সুযোগ নেই।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেন।
এর ফলে সাভার ও আশুলিয়া এলাকার ১৭৭টি তৈরি পোশাক কারখানায় আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে মজুরি বোর্ড গঠন করা সত্ত্বেও কেন এই অস্থিরতা তৈরি হচ্ছে এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানাসমূহ ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গাজীপুরের শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন জানান, পরিস্থিতির প্রেক্ষিতে গাজীপুরের চৌরাস্তা থেকে চন্দ্রা পর্যন্ত এলাকাভুক্ত শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। তবে কিছু এলাকায় উৎপাদন স্বাভাবিক ছিল। সব পক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে আগামী সোমবার থেকে শিল্পাঞ্চলের সব কারখানা খোলা থাকবে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

















