ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত চার ব্যক্তির বিরুদ্ধে মামলা তুলে নিতে একটি অসহায় পরিবারের ওপর ফের হামলা, ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওই পরিবারের বসতবাড়িতে আবারও হামলার ঘটনা ঘটে। এতে মিম ও জয়নব নামে দুই নারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে পরিবারটি। ঘটনাটি ঘটেছে উপজেলার ১২ নং চরদুঃখিয়া ইউনিয়নের পূর্ব লাউয়া সওদাগর বাড়িতে।
পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালে জিআর-৩১৩ নম্বর মামলায় মনিরকে ৪ বছর, কামালকে ৬ বছর, শাহাদাতকে ৭ বছর এবং রাকিবকে ১১ বছরের কারাদণ্ড দেন আদালত। তবে ওই রায়ের বিরুদ্ধে বর্তমানে ফৌজদারি আপিল ২৪০/২৪ নম্বর মামলা উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলাটিকে কেন্দ্র করে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাঁদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন। মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তাঁদের বসতবাড়িতে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
পরিবারটির দাবি, এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁদের বাড়িতে আবারও হামলার ঘটনা ঘটে। এ সময় মিম ও জয়নব নামের দুই নারী হামলার শিকার হন। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটির মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। মুক্তার সওদাগরের স্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ উল্লাহ বলেন, ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















