দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তফসিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ সেপ্টেম্বর ২০২৬ প্রান্তিক শেষে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা ছাড়িয়েছে। এটি ওই সময় পর্যন্ত ব্যাংকিং খাতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক লিখিত প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেন।
গত পাঁচ বছরের খেলাপি ঋণের পরিসংখ্যান
জাতীয় সংসদে উপস্থাপিত সরকারি তথ্যে দেখা যায়, গত পাঁচ বছরে দেশে খেলাপি ঋণের হার ও পরিমাণ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। পাঁচ বছরের তুলনামূলক চিত্রে দেখা গেছে
- ২০২২ সালওই বছর ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা তখনকার বিতরণকৃত মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ।
- ২০২৪ সালএ বছর বিতরণকৃত মোট ঋণের পরিমাণ দাঁড়ায় ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপির পরিমাণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা (মোট ঋণের ১৭.৮৩ শতাংশ)।
- ২০২৫ সালমোট ঋণ বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা। একই সময়ে খেলাপির পরিমাণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা (মোট ঋণের ২৯.৯২ শতাংশ)।
- সেপ্টেম্বর ২০২৬সর্বশেষ তথ্য অনুযায়ী মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
জালিয়াতি প্রতিরোধ ও পাচার করা অর্থ উদ্ধারে উদ্যোগ
সংসদে বক্তব্য প্রদানকালে অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ ফেরত আনতে সরকার বহুমুখী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বৈদেশিক অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদের বিস্তারিত বিবরণী অনুসন্ধান করছে। এই কাজে আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) একাধিক দপ্তর যুক্ত রয়েছে।
অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘‘ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ উদ্ধার এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ নানা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

















