আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। ভারতকে আইসিসি কেন কিছু বলতে পারে না।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় সদস্য দেশগুলোর পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে তাঁর এই পুনর্নিয়োগ চূড়ান্ত করা হয়। কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি পুনরায় এই শীর্ষ পদে নির্বাচিত হলেন। নতুন এই মেয়াদ অনুযায়ী, ২০৩০ সালের শেষ পর্যন্ত আইসিসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০২৪ সালের আগস্ট মাসে প্রথমবারের মতো তিনি আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং ওই বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। প্রতিদ্বন্দ্বিতার আঁচ ছিল না, প্রতিদ্বন্দ্বিতা হয়ওনি। তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে।
আইসিসির অভিভাবক হওয়ার আগে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। এক বিবৃতিতে জয় শাহ বলেন, আইসিসির চেয়ারম্যান হিসেবে কাজ করা একদিকে যেমন সম্মানের, তেমনি বড় একটি দায়িত্ব। ক্রিকেটের বিশ্বব্যাপী প্রচার ও প্রসারের স্বার্থে সকল সদস্য দেশের সঙ্গে মিলে কাজ করে যাওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।
ক্রিকেটের জন্য বর্তমান সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর হিসেবে দেখছেন জয় শাহ। বিশেষ করে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে তিনি বিশ্বমঞ্চে খেলাটির প্রসার ঘটানোর এক বিশাল সুযোগ হিসেবে দেখছেন। নতুন দর্শক ও প্রজন্মের কাছে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা এবং উঠতি খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করাই তাঁর মূল লক্ষ্য। অলিম্পিকে ক্রিকেটের এই প্রত্যাবর্তনকে ক্রিকেটের ইতিহাসের অন্যতম মাইলফলক হিসেবে বিবেচনা করছেন তিনি।

















