গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) পর এবার জেলার তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক দাপ্তরিক আদেশে সোমবার এ বদলির বিষয়টি জানানো হয়। বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ, টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। এর আগে ডিসি মো. আরিফ-উজ-জামান ও এসপি মো. হাবীবুল্লহকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
গত রবিবার গোপালগঞ্জে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র নিয়ে দিনভর বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাদের বাড়িঘর ও কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া গ্রামীণ ব্যাংকের শাখাতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। বর্তমানে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বডি ওর্ন ক্যামেরাধারী ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

















