জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন ও ভাতা কাঠামো ঘোষণা করা হয়েছে। গত ১৫ নভেম্বর ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)’ জারির মাধ্যমে এই নতুন কাঠামোর বিষয়টি প্রকাশ করা হয়। সংশোধিত এই গেজেট পর্যালোচনায় দেখা গেছে, সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন আগের ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ২১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। এর ফলে তাদের বেতন বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। এছাড়া বাহিনীপ্রধানদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে দ্বিগুণ বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বেতন স্কেল: ে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য তা ২১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। তা সত্ত্বেও একটি মহল বেতনবৈষম্যের বিষয়টি সামনে এনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরির চেষ্টা করছে।
নতুন এই বেতন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে দশ বছর আগে জারি করা জেএসআই ০১/২০১৬ অনুসরণ করা হয়েছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে নতুন কাঠামোতে তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন ৪০ শতাংশ বাস্তবায়নের বিপরীতে সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে তা ৫০ শতাংশ হারে কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাহিনীপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুলনায় সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির হার বেশি।
নির্দেশনা অনুযায়ী, ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন এখন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের বেতন ৪৫ হাজার ৫০০ টাকায় নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে মাস্টার ওয়ারেন্ট অফিসারদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার ১০২ দশমিক ২২ শতাংশ। এছাড়া অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের ক্ষেত্রে তা ৮৫ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে নবম গ্রেডে উন্নীত হলে মূল বেতন, বাড়িভাড়া, পেনশন ও প্রাতিষ্ঠানিক মর্যাদার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসে।
সংশ্লিষ্টরা জানান, নতুন বেতন কাঠামোর পাশাপাশি সদস্যদের জন্য চারটি নতুন ভাতা যুক্ত করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ সুবিধার অংশ হিসেবে ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা এবং বয়সভেদে চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেতনবৈষম্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ রয়েছে, তবে সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী পূর্বের কাঠামোর ধারাবাহিকতা রক্ষাই এর মূল লক্ষ্য। বিভিন্ন খাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের যে ব্যবধান বিদ্যমান, সেই কাঠামোগত বাস্তবতা বিবেচনায় নিয়েই এই নতুন স্কেল নির্ধারণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে ‘অফিসার বনাম সৈনিক’ বৈষম্যের অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও দাবি করছেন সংশ্লিষ্টরা।
তবে সশস্ত্র বাহিনীতে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতির ক্ষেত্রে শূন্যপদ ও কাঠামোগত সীমাবদ্ধতার বিষয়টি দীর্ঘদিনের এক আলোচনার কেন্দ্রবিন্দু।
বেসামরিক প্রশাসনের নবম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার বেতন সমন্বয় নিয়েও প্রশ্ন উঠেছে।
বেসামরিক প্রশাসনের ২০টি গ্রেডের কর্মচারীরা উচ্চতর গ্রেড বা সিলেকশন গ্রেড পাওয়ার মাধ্যমে সরাসরি ভার্টিক্যাল পে-স্কেলে প্রবেশের সুযোগ পান, যা সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে ভিন্ন। পদোন্নতি না পেলে সৈনিক বা জেসিওদের একই পদে থেকে দীর্ঘদিন দায়িত্ব পালন করতে হয়, যার ফলে তারা আর্থিকভাবে পিছিয়ে পড়ার অভিযোগ করেন।
সেনা কর্মকর্তাদের মতে, সশস্ত্র বাহিনীর কমান্ড পিরামিড ও ক্যারিয়ার কাঠামো বেসামরিক প্রশাসনের তুলনায় সম্পূর্ণ আলাদা। বাহিনীর শৃঙ্খলা বজায় রাখতে নির্দিষ্ট শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি দেওয়া হয়। তবে পদোন্নতি না পেলেও যেন কোনো সৈনিকের বেতন স্থবির হয়ে না পড়ে, সেজন্য ১৯ থেকে ২০টি বার্ষিক ইনক্রিমেন্ট ধাপ রাখা হয়েছে। এর ফলে একজন সৈনিক একই পদে কর্মরত থেকেও ২১ হাজার ৪০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন।
সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫ এবং জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে এই নতুন পদ্ধতির সুপারিশ করা হয়েছে। এসব অসংগতি নিরসন ও সদস্যদের দাবির চূড়ান্ত সমাধানের লক্ষ্যে একটি সার্ভিস কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া ভার্টিক্যাল পে-স্কেল চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে পর্যালোচনার সুপারিশ এসেছে, যা কার্যকর হলে বাহিনীর সদস্যদের আর্থিক ও সামাজিক মর্যাদায় আরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

















