ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার (১২ অক্টোবর) এ সংক্রান্ত বিস্তারিত সূচি তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি জানায়, সারাদেশে পাঁচ ধাপে এই নির্বাচন সম্পন্ন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের এবং ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ২৯ এপ্রিল তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে। শেষ দুটি ধাপের ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে যথাক্রমে ১৩ মে (চতুর্থ ধাপ) ও ২৭ মে (পঞ্চম ধাপ)।

















