আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ঝালকাঠি শহরের পূজা পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা জামায়াতে ইসলামী। রবিবার রাত ৮টায় শহরের একটি আধুনিক রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় শহরের ১৩টি পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহা. হাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি ফরিদুল হক। এছাড়া স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
সভায় সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অলোক সাহা, শ্রী কালিবাড়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ ধর এবং হিন্দু ফ্রন্টের নেতা ও সাংবাদিক মানিক আচার্য্য। বক্তারা বিগত বছরগুলোতে শারদীয় উৎসব চলাকালে মন্ডপ পাহারাসহ হিন্দু সম্প্রদায়কে নীতিগতভাবে সহযোগিতা করার জন্য জামায়াতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয় যে, জামায়াতের এই সহযোগিতামূলক ভূমিকা তারা স্মরণ রাখবেন।
প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও শারদীয় উৎসবে সব ধরনের সহযোগিতা ও শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্য নিয়ে এই সভার আয়োজন করেছে বলে জানানো হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

















