কাতারের রাজধানী দোহার ঐতিহাসিক ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে শুরু হয়েছে শাইখ জাসেম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আন্তর্জাতিক শাখা ‘সেরাদের সেরা’ বা বেস্ট অব দ্য বেস্ট-এর তৃতীয় আসর। বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী মেধাবী হাফেজদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা ইভেন্টে ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। মারসাল কাতার ও আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা ইকনা’র প্রতিবেদন অনুযায়ী, এবারের আসরে মোট ১৯টি দেশের ৪২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।
গত সোমবার থেকে প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হয়েছে, যা ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। প্রথম দিন সকাল ও বিকেলের সেশনে আটটি দেশের নয়জন প্রতিযোগী তাদের হিফজ ও তেলাওয়াতের দক্ষতা প্রদর্শন করেছেন। এই প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হাফেজ মুআজ মাহমুদ। আগামী ১৫ নভেম্বর প্রথম পর্বের যাচাই-বাছাই শেষে সেরা ১০ জন ফাইনালিস্টের নাম ঘোষণা করা হবে। এরপর ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতায় ‘সেরাদের সেরা’ উপাধি জয়ী হাফেজকে প্রধান পুরস্কার হিসেবে এক মিলিয়ন কাতারি রিয়াল প্রদান করা হবে।
অংশগ্রহণকারী বিশ্বমানের হাফেজরা জানান, কুরআন মুখস্থ করার এই যাত্রা তাদের ব্যক্তিসত্তায় অসাধারণ আত্মবিশ্বাস তৈরির পাশাপাশি মানসিক ও আচরণগত দক্ষতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নিয়মিত তিলাওয়াত ও অনুশীলনের মাধ্যমে তারা স্মৃতিশক্তি প্রখর করার পাশাপাশি সময় ব্যবস্থাপনা ও দায়িত্ববোধে আরও পরিপক্ব হয়ে উঠেছেন। তারা তাদের এই সাফল্যের পেছনে বাবা-মা ও শিক্ষকদের নিরলস উৎসাহ ও সুনির্দিষ্ট রুটিনকে মূল অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
হাফেজরা আরও জানান, পবিত্র কুরআন কেবল তাদের ভাষাগত দক্ষতা বাড়ায়নি, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা, উত্তম আচরণ ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটিয়ে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে। কঠোর এই প্রতিযোগিতায় বিশ্বের মেধাবী হাফেজদের মিলনমেলায় কুরআন হিফজের গুরুত্ব ও এর চর্চার প্রয়োজনীয়তা আবারও নতুন করে উঠে এসেছে।

















