অনাবৃষ্টি থেকে মুক্তি ও রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহর নিকট ফরিয়াদ জানিয়ে কাতারজুড়ে বিশেষ সালাতুল ইস্তিস্কা অনুষ্ঠিত হয়েছে। সুন্নাহ অনুযায়ী আয়োজিত এই নামাজে অংশ নিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে লুসাইল ঈদগাহ মাঠে সমবেত হন হাজারো মুসল্লি। কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী সাধারণ মানুষের সাথে একই কাতারে দাঁড়িয়ে এই নামাজ আদায় করেন।
আমীরের সাথে এই জামাতে তার ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী এবং শেখ জসিম বিন খলিফা আল-থানীসহ রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেম, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ লুসাইলের এই মাঠে মুসল্লিদের সাথে নামাজে শরিক হন।
নামাজ শেষে বিশেষ মোনাজাত ও খুতবা প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। খুতবায় তিনি সমবেত মুসল্লিদের বিনম্রচিত্তে তওবা করা ও মহান আল্লাহর নিকট বেশি বেশি ইস্তিগফার ও ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, অনাবৃষ্টি ও প্রাকৃতিক পরিস্থিতি মানুষকে মহান সৃষ্টিকর্তার ওপর পূর্ণ নির্ভরতার কথা স্মরণ করিয়ে দেয়। এ সময়ে দান-সদকা ও ভালো কাজের গুরুত্বের ওপর তিনি আলোকপাত করেন।
খুতবায় পানিকে মহান আল্লাহর এক অশেষ নিয়ামত হিসেবে উল্লেখ করেন ডা. ইয়াহিয়া। তিনি কাতারের নাগরিক ও প্রবাসীদের উদ্দেশ্যে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান। নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করাই মুমিনের কর্তব্য বলে তিনি তার বক্তব্যে গুরুত্বারোপ করেন।

















