বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার জ্বালানি তেল বাইরের দেশ থেকে আমদানি করে থাকে। বর্তমানে মধ্যপ্রাচ্য সংকটের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, যার ফলে দেশের বাজারেও দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তবে এই বৈশ্বিক সংকট কাটার সঙ্গে সঙ্গেই সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি আশ্বস্ত করেন যে, বিগত দিনে বিদ্যুৎ বিতরণে বৈষম্য থাকলেও আগামীতে তা পুরোপুরি দূর করা হবে।
এর আগে জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন সহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

















