নিজের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশেই শেষ শয্যায় শায়িত হতে যাচ্ছেন ‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী শেখ সাহেদ আলী। আজ শুক্রবার বাদ আসর রাজধানীর গোপীবাগ আড়াই লেনের বায়তুন নূর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর গোপীবাগ পঞ্চায়েত কমিটির কবরস্থানে তাঁকে দাফন করা হবে। শিল্পীর বন্ধু ও গণমাধ্যমকর্মী এরশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতাল থেকে মরদেহ শেষ গোসলের জন্য নেওয়া হয়েছে এবং এরপর গোপীবাগের বাসভবনে নেওয়া হবে। এর আগে মৃত্যুর সময় সকাল সাড়ে ১০টা জানানো হলেও সর্বশেষ তথ্যে এরশাদুল হক সকাল ১০টা ৫ মিনিটের কথা নিশ্চিত করেছেন।
এর আগে আজ সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সী এই শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরেই তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো। সাম্প্রতিক সময়ে স্ট্রোক ও ডেঙ্গু সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতা তাঁর স্বাস্থ্যের চরম অবনতি ঘটায়। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
শিল্পীর এই অকাল মৃত্যুতে তাঁর দীর্ঘ ১১ বছরের লালিত স্বপ্ন ও পরিকল্পনা অপূর্ণই থেকে গেল। জি-সিরিজের ব্যানারে তিনি ১১ বছর ধরে তৈরি করা ২৪টি গান প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলেন। এ উপলক্ষে গত ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তা বাতিল করতে হয়। এছাড়া কিডনি প্রতিস্থাপনের জন্য তাঁর এ মাসেই দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল, যা আর সম্ভব হলো না।
নব্বইয়ের দশকে পথচলা শুরু করা শেখ সাহেদ ছিলেন ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। ‘রোকযানা’ গান দিয়ে তিনি সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তাঁর অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ এবং ‘প্রেম আসবেই’। ১৯৯১ সালে ‘প্রভু’ অ্যালবামের মাধ্যমে আত্মপ্রকাশ করা এই গুণী শিল্পী এরপর আরও পাঁচটি অ্যালবাম উপহার দিয়েছেন। নব্বইয়ের দশক থেকে গান করছিলেন তিনি। ‘রোকযানা’ গান দিয়ে শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি পান।

















