মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফল করতে রাজবাড়ী জেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পরিচালিত এই অভিযানে নদী থেকে ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ৯০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট, নৌপুলিশের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে রাজবাড়ীর ৪ নম্বর ফেরিঘাটে একটি প্রচারমূলক ব্যানারও স্থাপন করা হয়েছে। এ ছাড়া মা ইলিশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালক, মৎস্য অধিদপ্তর, ঢাকা বিভাগ কর্তৃক প্রেরিত একটি প্রচার ব্যানার রাজবাড়ীর ৪ নম্বর ফেরিঘাটে স্থাপন করা হয়।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান জানান, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে নদীর বিভিন্ন পয়েন্টে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে প্রশাসন কঠোর নজরদারি বজায় রাখবে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশ রক্ষায় কেবল প্রশাসন নয়, জেলে ও নদীপাড়ের বাসিন্দাসহ সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” মা ইলিশ সংরক্ষণে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

















