রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই স্মৃতি জাদুঘরের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
বুধবার দিবাগত রাত ১১টার পর রিকশায় চড়ে আসা কয়েকজন ব্যক্তি জাদুঘরের সামনে বিস্ফোরক ফেলে পালিয়ে যায়। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক তৈরি হলেও পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
এর আগেও গত ১৪ অক্টোবর একই এলাকায় নাশকতার ঘটনা ঘটেছিল। সেদিন জুলাই জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল, যা পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করে। তৎকালীন সেই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছিলেন।

















