জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির রেশ ধরে গণপরিবহনে ভাড়া সমন্বয়ের ধারাবাহিকতায় এবার লঞ্চের ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম রবি। বুধবার (২৩ সেপ্টেম্বর) লঞ্চ মালিকদের সাথে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
লঞ্চের নতুন ভাড়া
- প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সার স্থলে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে।
- ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সার স্থলে ২ টাকা ৭২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রেল ও ফেরির ভাড়া বাড়ানো হবে কি না জানতে চাইলে মন্ত্রী জানান, এখন পর্যন্ত রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি জনস্বার্থে ফেরিতে লোকসান হলেও আপাতত ভাড়া না বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ার পর এর আগে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। বর্তমানে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা করা হয়েছে। এতে এই দুই মহানগরে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের ভাড়া ৮ টাকা কার্যকর করা হয়েছে। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর চার ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বৃদ্ধি করা হয়। নতুন দর অনুযায়ী বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

















