‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে পালন করা হয়েছে বিশ্ব প্রবীণ দিবস। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি পরবর্তী এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হোসাইন শেখের সঞ্চালনায় সভায় অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হায়দার আব্বাসী। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে ইউএনও আবদুল খালেক পাটোয়ারী বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের জন্য অমূল্য সম্পদ। প্রবীণদের সম্মান জানিয়ে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে পরিবারসহ সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অন্যান্য বক্তারা প্রবীণদের অভিজ্ঞতা ও অবদানের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রবীণদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ বাড়াতে সমাজে সচেতনতা তৈরি জরুরি। একই সঙ্গে প্রবীণদের সামাজিক সুরক্ষা, সুস্বাস্থ্য এবং মর্যাদা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে আরও কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।














