নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের চাকার নিচে পড়ে রিমন হোসেন (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রিমন উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে সম্প্রতি ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আমাইতাড়া বাজার থেকে একটি ট্রাক ফার্শিপাড়া বাজারের দিকে যাচ্ছিল। একই সময়ে রিমন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি ভ্যানের সাথে ধাক্কা লেগে তিনি ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানিয়েছেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

















