গোপালগঞ্জের কোটালীপাড়ায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনার সূত্রপাত সোমবার রাতে।
ওই রাতে দুর্বৃত্তরা কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙ্গারহাট টিটি উচ্চবিদ্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেয়। একই সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এবং টুপুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে সংশ্লিষ্টরা প্রতিষ্ঠানে গিয়ে তালা দেখতে পান। পরে উপজেলা যুবদলের নেতাকর্মীরা তালা ভেঙে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম সচল করেন।
কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সুপার বাকের হোসেন জানান, সকালে মাদ্রাসায় এসে ফটকে তালা দেখতে পাওয়া যায়। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয় এবং শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক ছিল। এদিকে, ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে নাবিল হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নাবিল উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ারবাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।












