উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয় সদস্যদেশকে একটি সমন্বিত ও শক্তিশালী রেল নেটওয়ার্কের আওতায় আনতে ২ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত রবিবার (৮ নভেম্বর) বাহরাইনের আল-জহির প্রাসাদে এই অঞ্চলের পরিবহনমন্ত্রীরা একত্রিত হয়ে এই গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন। এই বৃহৎ প্রকল্পের মাধ্যমে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানকে অভিন্ন রেললাইন দিয়ে সংযুক্ত করা হবে।
প্রকল্পটি সম্পর্কে বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা জানিয়েছেন, এটি কেবল একটি যোগাযোগ অবকাঠামো নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড় ধরনের বিনিয়োগ। তিনি একে জিসিসি নেতাদের পারস্পরিক সহযোগিতা ও দীর্ঘদিনের সমন্বিত উদ্যোগের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। এই চুক্তি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ও নিয়ন্ত্রক কাঠামোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন। জিসিসির মহাসচিব জাসেম আলবুদাইউই এই উদ্যোগকে পরিবহন খাতে উপসাগরীয় দেশগুলোর সমন্বিত অগ্রগতির একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
আঞ্চলিক যোগাযোগের পাশাপাশি পণ্য ও যাত্রী পরিবহনের নতুন দ্বার উন্মোচনের লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে নিজস্ব জাতীয় রেল নেটওয়ার্ক চালু করেছে। একইসঙ্গে ওমান ও আমিরাতের মধ্যে ২৩৮ কিলোমিটার দীর্ঘ হাফিত রেল প্রকল্পের নির্মাণকাজ চলমান রয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে ওমানের সোহার বন্দরকে আবুধাবির আল বুরাইমি ও আল আইনের সঙ্গে যুক্ত করা হবে। ২০২৭ সালে এই লাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরুর পরিকল্পনা রয়েছে।
এদিকে, বাহরাইনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দেশটির সঙ্গে সৌদি আরবের প্রস্তাবিত ‘কিং হামাদ কজওয়ে’ আঞ্চলিক এই নেটওয়ার্কে যুক্ত হতে বিশেষ ভূমিকা রাখবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আঞ্চলিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় দেশগুলো বিকল্প পরিবহনব্যবস্থার ওপর জোর দিচ্ছে। বিশেষ করে বাহরাইন এখন সৌদি আরবের জেদ্দা ইসলামিক বন্দর, ওমানের সোহার ও দুকম বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের ওপর নির্ভরতা বৃদ্ধি করেছে। মন্ত্রী উল্লেখ করেন, উন্নত পরিবহন ব্যবস্থা কেবল বাণিজ্যের প্রসারে নয়, বরং উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক সংহতি ও দীর্ঘমেয়াদি আঞ্চলিক উন্নয়নে অপরিহার্য ভিত্তি হিসেবে কাজ করবে।

















