শনিবার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে। দিনের কর্মসূচির শুরুতে দূতাবাস চত্বরে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ও ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আত্মোৎসর্গকারী সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে তাঁদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে।
দূতাবাসের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহমেদ মহামান্য রাষ্ট্রপতির বাণী এবং মোহাম্মদ মাশহুদুল কবির মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান। দিবসটির প্রেক্ষাপট ও তাৎপর্যের ওপর ভিত্তি করে দুটি প্রামাণ্যচিত্রও এ সময় প্রদর্শন করা হয়। দূতালয় প্রধান বারিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক ড. হাসান মাহমুদ। তিনি ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের প্রেক্ষাপট ও জাতীয় সার্বভৌমত্ব সুরক্ষায় সিপাহি-জনতার ঐক্যের গুরুত্ব বিশ্লেষণ করেন।
আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোল্লা, জুলাই যোদ্ধা জিহাদ নুর চৌধুরী, কাতার বিএনপি সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু সাইদ, সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকন, একেএম আমিনুল হক, শাহজাহান সাজু, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, শফিকুল ইসলাম, ইসমাইল মনসুর এবং বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন আহমেদ। বক্তারা জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব নিয়ে আলোকপাত করার পাশাপাশি দেশ গঠনে প্রবাসীদের ভূমিকার ওপর জোর দেন।
সভাপতির ভাষণে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান বলেন, সিপাহি-জনতার ঐক্যই সে সময় জাতিকে সংকট উত্তরণের পথ দেখিয়েছিল। তিনি সেই ঐক্যের চেতনা থেকে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখার পাশাপাশি কাতারের আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের সম্মান বৃদ্ধির জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও দূতাবাসের কর্মকর্তারা কবিতা ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সবশেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

















