ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এবার ওই অঞ্চলে নতুন করে আরও একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ নামের এই রণতরীটি উপসাগরীয় অঞ্চলে পৌঁছাতে পারে। এর মাধ্যমে ওই এলাকায় মার্কিন বিমানবাহী রণতরীর মোট সংখ্যা দাঁড়াবে তিনটিতে। রোববার (১৫ নভেম্বর) বার্তা সংস্থা আনাদোলুও এ তথ্য নিশ্চিত করেছে। বার্তাসংস্থা আনাদোলু বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছানোর কথা রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের। এটি সেখানে আগে থেকে মোতায়েন থাকা আরও দুটি মার্কিন বিমানবাহী রণতরীর সঙ্গে যুক্ত হবে।
মধ্যপ্রাচ্যে এই রণতরী মোতায়েনের সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হলো যখন বাহরাইনে নতুন করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। গত দুই মাসের বিরতি পেরিয়ে রোববার দ্বিতীয়বারের মতো এই হামলা চালায় ইরান। এর আগে গত শুক্রবারও উপসাগরীয় এলাকার দিকে ধেয়ে আসা ইরানের দুটি ড্রোন প্রতিহত করেছিল মার্কিন বাহিনী। পাশাপাশি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান শান্তি আলোচনা বর্তমানে থমকে আছে। সব মিলিয়ে এই অঞ্চলের ভূ-রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল রূপ নিয়েছে।
এসব ঘটনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নতুন কোনো অভিযানের পরিকল্পনা আছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে কোনো সামরিক অভিযান শুরুর খবর বা ইঙ্গিত নাকচ করে দিয়েছে। একইসঙ্গে মার্কিন সেনাদের অবস্থান বা মোতায়েনের ধরনে পরিবর্তনের যে খবর চাউর হয়েছে, তাকে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিছক জল্পনা বলে উড়িয়ে দিয়েছে। রণতরীটির আগমন সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পেন্টাগনের তরফ থেকে এখনো দেওয়া হয়নি।
কূটনৈতিক আলোচনার অচলাবস্থার পাশাপাশি গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলার পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা বাড়ছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনা থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরিয়ে দিয়েছেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তেহরানের সঙ্গে নতুন করে কোনো চুক্তির প্রয়োজন ওয়াশিংটনের নেই। রণতরী মোতায়েনের বিষয়টি চূড়ান্ত না হলেও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। এর মধ্য দিয়ে প্রায় দুই মাসের বিরতির পর আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার মধ্য দিয়ে শুরু হওয়া ইরান যুদ্ধের ধারাবাহিকতায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

















