পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইসিও) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, নানামুখী সামরিক হামলার শিকার হওয়া সত্ত্বেও তেহরান এখনো কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সংকট নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, আরাগচি জোর দিয়ে বলেন, গত দুই বছর ধরে ইরান কূটনীতির পথ অনুসরণ করলেও ওয়াশিংটন পাল্টা হিসেবে আগ্রাসন, হুমকি, হত্যাকাণ্ড এবং অর্থনৈতিক অবরোধের নীতি বেছে নিয়েছে।
প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখাই ইরানের রাষ্ট্রীয় নীতি বলে উল্লেখ করেন আরাগচি। তিনি জানান, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর ইরান কেবল সেই সব সামরিক স্থাপনাতেই পাল্টা আক্রমণ চালিয়েছে, যেখান থেকে সরাসরি ইরানের ওপর হামলা পরিচালনা করা হয়েছিল। একই সঙ্গে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো দেশের ভূখণ্ড, আকাশসীমা বা স্থাপনা যাতে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করা জরুরি।
হরমুজ প্রণালীর বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরাগচি বলেন, ওই এলাকায় অস্থিরতা তৈরির পেছনে যুক্তরাষ্ট্রের বৈরী নীতি এবং ইরানবিরোধী তৎপরতাই প্রধানত দায়ী। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ডই অঞ্চলটিতে শান্তি বিঘ্নিত করছে বলেও তিনি অভিযোগ করেন।

















