গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
অপতৎপরতা প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য
- স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্ন অপতৎপরতা চালায়। ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণের ঘটনা ঘটছে, যা আমরা দেখেছি।
- গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন গলিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে।
পুলিশের ভূমিকা ও গোয়েন্দা নজরদারি
গুলশানে মিছিলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে কিছু লোক সেখানে জড়ো হয়েছিল। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে। গুলশানের এ ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ঘটনার পর আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। নিষিদ্ধ সংগঠনের এসব বিচ্ছিন্ন কার্যক্রম সরকারের নজরদারিতে রয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।














