নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে পরিচিত আওয়ামী লীগের ডাকা লকডাউনের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি রংপুরে। বৃহস্পতিবার সকাল থেকেই নগরীর জনজীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক। খোলা রয়েছে বিপণিবিতান, মার্কেট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। দূরপাল্লার বাসসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় নগরীর গুরুত্বপূর্ণ জাহাজ কোম্পানি মোড়ে কিছুটা যানজট সৃষ্টি হয়। সব মিলিয়ে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের পক্ষ থেকে পুরোনো ভিডিও ও ছবি ছড়িয়ে দিয়ে ১৯ নভেম্বরের এই লকডাউন সফল করার আহ্বান জানানো হয়। তবে বাস্তবে কোথাও কোনো বিক্ষোভ বা নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি। অন্যদিকে, লকডাউন প্রতিহত করতে মাঠে নেমেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাতে শহরের বিভিন্ন এলাকায় তারা পাহারা বসিয়েছেন এবং মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন। এসব পোস্টের ক্যাপশনে ১৯ নভেম্বরের লকডাউন সফল করার লক্ষ্যে বিক্ষোভের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের ফেসবুকে পুরোনো ভিডিও ও ছবি ছড়িয়ে দিতে দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেছেন দলগুলোর নেতাকর্মীরা।
রংপুর নগরীর অটোরিকশাচালক রহিম মিয়া জানান, স্বাভাবিক দিনের মতোই যাত্রী নিয়ে তিনি রাস্তায় নেমেছেন। দুপুর পর্যন্ত পাঁচশো টাকার ভাড়া হয়েছে তার। ব্যবসায়ী সানু মিয়া জানান, প্রতিদিনের মতোই আজ সকালে দোকান খুলেছেন এবং ক্রেতাদের উপস্থিতি বরং স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি রয়েছে। জনজীবনে তেমন কোনো শঙ্কা বা পরিবর্তন অনুভূত হচ্ছে না বলে স্থানীয়রা জানিয়েছেন। দুপুর পর্যন্ত আল্লাহর রহমতে ৫০০ টাকা ভাড়া পেয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, এখন পর্যন্ত নগরীতে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যদিও এর আগে বুধবার দুটি এবং বৃহস্পতিবার ভোররাতে নগরীর টার্মিনাল এলাকার একটি গ্যারেজে বাসে আগুন দেওয়ার বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে।

















