কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলা গ্রামে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা কাঁঠালতলা এলাকায় প্রদীপ বাবুর বাড়ির পাশের একটি জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত যুবকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, নিহতের পরিচয় উদ্ঘাটন এবং ঘটনার রহস্য অনুসন্ধানে কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

















