কাতারের রাজধানী দোহায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে কাতার বন্ধুসভা। গত ১৩ নভেম্বর শুক্রবার দোহায় স্থানীয় একটি রেস্তোরাঁয় এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কাতার বন্ধুসভার নিজস্ব সাংগঠনিক ওয়েবসাইট (bondhushavaqatar.com) উদ্বোধন, যা সংগঠনের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করবে।
সন্ধ্যায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। বইমেলা সম্পাদক শরীফ হোসাইন কোরআন তিলাওয়াত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধুসভা কাতারের সভাপতি শাকিল আহমেদ এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান। অনুষ্ঠানে কাতারের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।
বক্তব্য রাখতে গিয়ে বন্ধুসভা কাতারের উপদেষ্টা আবজল আহমেদ ও বুরহান উদ্দিন প্রবাসে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বন্ধুসভার গত ছয় বছরের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। তারা সদস্যদের মধ্যকার পারস্পরিক সম্পর্কের গুরুত্বের ওপর আলোকপাত করেন। স্বাগত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় উপস্থিত সবাইকে নিয়ে বন্ধুসভাকে আগামী দিনে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম সানি এবং নতুন বন্ধু হাবিব তাদের অনুভূতি ব্যক্ত করেন। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে তারা দেশের কল্যাণে এবং মানুষের প্রয়োজনে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে ওয়েবসাইটটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রধান উপদেষ্টা তামীম রায়হানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি শাকিল আহমেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, কাতারে বন্ধুসভার এই জয়যাত্রা ভবিষ্যতে আরও সুদূরপ্রসারী হবে। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ উদযাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিম মাহমুদ, মোহাম্মদ জিহাদ, মতিউর রহমান মিশু, জিয়াউল হক, রাকিব হাসানসহ সংগঠনের সক্রিয় সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

















