নাশকতা ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই সংক্রান্ত নির্দেশনা প্রদান করে। বেবিচকের একজন উর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে এবং কঠোর প্রটোকল অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথে তল্লাশি কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে। একই সঙ্গে ল্যান্ডসাইড এলাকায় সার্বক্ষণিক নজরদারি বাড়ানো ও টহল জোরদারের পাশাপাশি প্রবেশকারী সকল যানবাহনে কঠোর তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এপিবিএনকে (এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বাড়তি টহল ও নজরদারি বাড়ানোর বিষয়েও বলা হয়েছে।
বিমানবন্দর সংলগ্ন আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়াতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালনা হয় না, সেখানেও রাতের বেলায় নিরাপত্তা পর্যবেক্ষণ ও নজরদারি অব্যাহত রাখতে বলা হয়েছে। ল্যান্ডসাইডের নিরাপত্তার অংশ হিসেবে এখন এআই ক্যামেরার আওতা বাড়ানো হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশের সাথে বেবিচক ইতিমধ্যে বৈঠক করেছে। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন নিজস্ব উদ্যোগে ক্যামেরা স্থাপনের কার্যক্রম হাতে নিচ্ছে।

















