নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী বালই নদীসংলগ্ন মসুয়া হাওরের একটি বিলে বিষ প্রয়োগ করে ব্যাপক মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। এ ঘটনায় ভুক্তভোগী জেলে রোমান মিয়া বাদী হয়ে সোমবার রাতে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, রোমান মিয়া ও তার অংশীদাররা তিনটি মসজিদ ও একটি কবরস্থানের নামে প্রায় ১৩ লাখ টাকায় বিলটি ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে বিলের পাশে স্থানীয় ফরসুদ মিয়াকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তাকে ডাকা হলেও কোনো সাড়া না দিয়ে তিনি দ্রুত সরে পড়েন। পরদিন সকালে বিলে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠতে দেখা যায়। অভিযোগ সূত্রে জানা যায়, মসুয়া হাওরের বিলটি তিনটি মসজিদ ও একটি কবরস্থানের নামে প্রায় ১৩ লাখ টাকায় ইজারা নেন রোমান মিয়াসহ অন্য অংশীদাররা। তাকে ডাকাডাকি করার পরও তিনি পরিচয় না দিয়ে অন্য জায়গা দিয়ে চলে যান।
রোমান মিয়া এই ঘটনায় জিলু মিয়ার ছেলে ফরসুদ মিয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। তবে অভিযুক্ত ফরসুদ মিয়া এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাকে মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং তিনি বিষ প্রয়োগের সঙ্গে জড়িত নন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার জানিয়েছেন, তারা এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করার জন্য ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশি অনুসন্ধান চলছে।












