রাশিয়া থেকে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নভুক্ত দেশ, আজারবাইজান, তাজিকিস্তান ও উজবেকিস্তানে ভ্রমণের ক্ষেত্রে নগদ অর্থ বহনের নতুন কড়াকড়ি আরোপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি ডিক্রিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে এসব দেশে ভ্রমণের সময় কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ রুবল বা প্রায় ১২ হাজার ৩০০ ডলার সমপরিমাণ নগদ অর্থ সঙ্গে নিতে পারবেন।
এতদিন রাশিয়া থেকে বাইরে অর্থ নেওয়ার সর্বোচ্চ সীমা ছিল ১ লাখ ডলার সমপরিমাণ। সেই তুলনায় নতুন নির্ধারিত সীমা অনেক কম। এছাড়া, আগে এই বিধিনিষেধের আওতাভুক্ত দেশগুলোর তালিকায় আজারবাইজান, তাজিকিস্তান ও উজবেকিস্তান অন্তর্ভুক্ত ছিল না, যা এখন যুক্ত করা হয়েছে। এই নিয়ম শুধুমাত্র সাধারণ ব্যক্তিদের জন্য নয়, বরং কোনো কোম্পানি বা স্বতন্ত্র উদ্যোক্তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ, তাদের জন্য অর্থের পরিমাণ নির্বিশেষে একই সীমা কার্যকর থাকবে।
তবে রাশিয়ার সরকারি আইনবিষয়ক পোর্টালে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, সব ক্ষেত্রে এই কড়াকড়ি থাকছে না। সরকারিভাবে নির্ধারিত কিছু বিমানবন্দর দিয়ে যাতায়াত এবং সংশ্লিষ্ট ব্যক্তি নিজের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের যথাযথ নথি দেখাতে পারলে এই বিধিনিষেধ থেকে ছাড় পাওয়ার সুযোগ রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকে নগদ অর্থের প্রবাহ নিয়ন্ত্রণে এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

















