অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে বাংলাদেশে প্রতিবছর সোয়া লাখ মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, এই সংকটের কারণে কেবল মৃত্যুর সংখ্যাই বাড়ছে না, বরং অনেক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হচ্ছে এবং চিকিৎসার ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। তবে শুধু সচেতনতা বা তথ্যের মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়; এর জন্য চিকিৎসক এবং রোগীদের আচরণের পরিবর্তন জরুরি। ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধের লক্ষ্যে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তা কঠোরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা গুরুত্ব দিয়ে উল্লেখ করেন তিনি।
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সরকার ‘ই-হেলথ’ বা ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানান ড. এম এ মুহিত। এই ব্যবস্থার আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড এবং ইলেকট্রনিক প্রেসক্রিপশন চালু করা হবে, যা স্বাস্থ্যসেবা কার্যক্রমকে ডিজিটাল নজরদারির অধীনে আনবে। এছাড়া দেশজুড়ে সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধ হবে এবং সঠিক রোগী মানসম্মত ওষুধ প্রাপ্তি নিশ্চিত করতে পারবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুসরণ করে চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রম আধুনিকায়নের উদ্যোগকে তিনি স্বাগত জানান। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (ডিজিএমই) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ আয়োজনে এই কর্মশালাটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএমইর পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।

















