নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে চাচার ছুরিকাঘাতে ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইয়াছিন উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি দেবই-কাজীরবাগ মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আগামী সপ্তাহে তার পুনরায় পরীক্ষায় বসার কথা ছিল।
নিহতের বোনজামাই মাসুম মিয়ার অভিযোগ, দেবই মাদ্রাসার দপ্তরি ও ইয়াছিনের চাচা মামুনের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে ইয়াছিনকে একা পেয়ে হামলা চালান মামুন। এ সময় রিয়াদ ও শান্তসহ অজ্ঞাত চার-পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে জড়ো হন। একপর্যায়ে মামুন তার হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করলে পরিবারের সদস্যরা ইয়াছিনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে তিনি মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে গ্রামের বাড়িতে নেওয়া হবে বলে পরিবার জানিয়েছে।
ঘটনাটি নিয়ে রূপগঞ্জ থানায় ইতোমধ্যেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যার ভিত্তিতে আইনি কার্যক্রম চলছে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, হামলার ঘটনায় আগে থেকেই মামলা ছিল এবং ইয়াছিনের মৃত্যুর ঘটনায় এখন নতুন করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

















