বর্তমান সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ পেশ করেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিং করে তিনি বৈঠকের নানা বিষয় তুলে ধরেন।
নাহিদ ইসলাম জানান, রাষ্ট্রীয় একদলীয়ভাবে গঠিত এই সংবিধান সংশোধন কমিটি দেশের সংস্কার প্রক্রিয়া, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে বড় ধরনের বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই এই কমিটি বাতিল করে গণভোটের রায়ের আলোকেই জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে এনসিপি। তিনি আরও স্পষ্ট করেন, রাজনৈতিক ঐক্যের যেকোনো প্রক্রিয়ায় সংস্কার, জুলাই গণঅভ্যুত্থান, বিচার প্রক্রিয়া এবং দেশের সার্বভৌমত্বকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এনসিপি প্রধান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে এবং জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকার ও বিরোধী দলের পাশাপাশি জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতাকর্মীরাও এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী হচ্ছেন। মূলত পতিত আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিকাণ্ড ঘটিয়ে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বৈঠকে এসব পরিস্থিতি থেকে উত্তরণে ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থানের গুরুত্ব আলোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রীও ফ্যাসিবাদের বিরুদ্ধে ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় রাজনৈতিক দলগুলোকে একত্রিত থাকার আহ্বান জানান।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির নেপথ্যে কয়েকটি মূল কারণ চিহ্নিত করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে নিরাপত্তা ব্যবস্থার শিথিলতা, পতিত আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান নিতে ব্যর্থ হওয়া এবং ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কগুলো স্পষ্ট না করার ফলেই আজকের সংকটের সৃষ্টি হয়েছে। তিনি সতর্ক করে বলেন,জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল, তা এখনো চলমান। রূপান্তর ও সংস্কারের এই লড়াই ছিল মূলত গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও টেকসই করা না গেলে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি অর্থনৈতিক বিনিয়োগও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

















