রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে গ্রিডে এই বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়া চালু হয়। বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় সঞ্চালন লাইনের সাথে সমন্বয় সাধনের লক্ষ্যে চলমান এই কারিগরি পরীক্ষায় ৩শ’ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত গ্রিডে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন।
এর আগে গত ১৭ নভেম্বর দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পের প্রথম ইউনিট থেকে প্রথমবারের মতো পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল। সেই সময় প্রায় সাড়ে ৮ ঘণ্টা জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। ওইদিনের কার্যক্রম রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করার মাধ্যমে শেষ হয়। নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, প্রথম গ্রিড সংযোগের সময় টারবাইন ও জেনারেটরের স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় বিরতি দিয়ে দ্বিতীয় দফায় আবারও গ্রিডে সংযোগ দেওয়া হয়েছে। এবারও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ চাহিদা ও সংকট মোকাবিলায় এনপিসিবিএলের বিজ্ঞানী, প্রকৌশলী ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত এই মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে। উৎপাদনের ওঠানামার সঙ্গে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) প্রয়োজনীয় সমন্বয় করছে। ভবিষ্যতের পরীক্ষাগুলোতে পরিস্থিতির প্রয়োজনে উৎপাদন বাড়ানো বা কমানো হতে পারে, এমনকি কোনো নির্দিষ্ট পরীক্ষার খাতিরে ইউনিটটি সাময়িকভাবে বন্ধও রাখা হতে পারে।
এনপিসিবিএল ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই, অর্থাৎ ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে প্রথম ইউনিটটিকে পূর্ণ সক্ষমতায় নিয়ে আসার সর্বাত্মক চেষ্টা চলছে। তখন থেকে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এই অর্জন দেশের বিদ্যুৎ ঘাটতি হ্রাসে বড় ভূমিকা রাখবে। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুত ঘাটতি অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা করেন তিনি।
উল্লেখ্য, রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ১ হাজার ২শ’ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে, যার মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪শ’ মেগাওয়াট। পরীক্ষামূলক গ্রিড সংযোগের অর্থ এই নয় যে কেন্দ্রটি এখনই বাণিজ্যিকভাবে পূর্ণ উৎপাদনে আছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নিরাপত্তা নির্দেশিকা ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, লাইসেন্স প্রাপ্তি এবং নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের পরই উৎপাদন শতভাগে উন্নীত করা হবে। এই দ্বিতীয় দফার সংযোগ কার্যক্রম বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে একটি বড় অগ্রগতি হিসেবে চিহ্নিত হচ্ছে।

















