ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার ২৮ সেপ্টেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং নিউইয়র্কে তার সফরসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় তাকে অভিনন্দন জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের চলমান উন্নয়ন প্রচেষ্টায় চীনের সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চীনা ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন উপস্থিত ছিলেন।

















