বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী কোনো শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর সাদেক হোসেন খোকা মাঠে ঢাকা-৬ আসনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফ্যাসিবাদের দোসরদের করা মন্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং তার সহযোগীদেরও সাজা ভোগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদের দোসররা প্রতিনিয়ত ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা বলছে।
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ জানান, প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে সাংবিধানিক পরিবর্তনের পাশাপাশি দেশে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন।

















