যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিয়ে একটি নতুন বিল আইনে পরিণত হয়েছে। গত ১০ই সেপ্টেম্বর থেকে এই আইন কার্যকর হয়েছে, যার ফলে ক্যালিফোর্নিয়ার মুসলিম কর্মীরা এখন থেকে তাদের বিদ্যমান বেতনসহ ছুটির সুবিধা ব্যবহার করে এই দুই ধর্মীয় উৎসব পালন করতে পারবেন। আইনটি প্রণয়নে স্টেট অ্যাসেম্বলির সদস্য ম্যাট হ্যানি মূল ভূমিকা পালন করেছেন এবং এই বছরের মার্চ মাসে তিনি গভর্নর গ্যাভিন নিউসমের কাছে বিলটি উপস্থাপন করেন।
কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (কেয়ার-সিএ) ক্যালিফোর্নিয়া শাখা এক বিবৃতিতে জানিয়েছে, ‘এবি ২০১৭’ নামের এই বিলটি রাজ্য ও স্কুলের কর্মীদের তাদের ব্যক্তিগত বা প্রথাগত ছুটির সময় কাজে লাগিয়ে ঈদ উদযাপনের সুযোগ করে দিচ্ছে। এছাড়া বিলটি কে-১২ স্কুল এবং কমিউনিটি কলেজগুলোকে স্থানীয় চুক্তির ভিত্তিতে ঈদ উপলক্ষে প্রতিষ্ঠান বন্ধ রাখার বিশেষ অনুমতি দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
এই আইন পাস হওয়ার বিষয়টিকে স্বাগত জানিয়ে কেয়ার-সিএ জানিয়েছে, এর মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত দশ লাখেরও বেশি মুসলিমের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হয়েছে। অতীতে অনেক মুসলিমকে তাদের ধর্মীয় বিশ্বাস পালন এবং কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির মধ্যে যেকোনো একটি বেছে নিতে হতো। সংগঠনটি আরও জানায়, বর্তমান সময়ে ক্রমবর্ধমান বৈরিতার প্রেক্ষাপটে এই আইনি স্বীকৃতি আমেরিকান-মুসলিম সম্প্রদায়ের প্রতি ক্যালিফোর্নিয়া রাজ্যের ইতিবাচক মূল্যবোধ ও সুরক্ষার শক্তিশালী বার্তা বহন করছে। এই আইন প্রণয়নে ম্যাট হ্যানির পাশাপাশি ক্যালিফোর্নিয়া কমিশন অন এশিয়ান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার আমেরিকান অ্যাফেয়ার্স এবং মুসলিম ইমপ্যাক্ট কাউন্সিল সহ-উদ্যোক্তা হিসেবে কাজ করেছে। সংগঠনটি বলেছে, এর মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ১০ লাখের বেশি মুসলিমের দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। সংগঠনটি আরও বলেছে, ঈদের ছুটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার মাধ্যমে ক্যালিফোর্নিয়া তার মুসলিম সম্প্রদায়ের মূল্য দেয় এবং তাদের সুরক্ষা নিশ্চিত করে- এমন একটি প্রয়োজনীয় ও শক্তিশালী বার্তা দেয়া হয়েছে। বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে বৈরিতা বাড়তে থাকার সময়ে এই স্বীকৃতির গুরুত্ব আরও বেশি।
পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতর এবং ইসলামি বর্ষপঞ্জির জিলহজ মাসে ঈদুল আজহা বিশ্বের মুসলিমরা অত্যন্ত ভক্তি ও আনন্দের সাথে পালন করে থাকেন। ক্যালিফোর্নিয়ার এই নতুন আইন কর্মক্ষেত্র ও শিক্ষাজীবনের বাধ্যবাধকতার কারণে ধর্মীয় উৎসব উদযাপনে মুসলিমদের যে সমস্যার সম্মুখীন হতে হতো, তা অনেকাংশেই দূর করবে। এতে কর্মজীবনের দায়িত্ব কিংবা শিক্ষাজীবনের বাধার কারণে ধর্মীয় উৎসব পালনে তাদের সমস্যায় পড়তে হবে না।

















