গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা টানা চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। সোমবার সকাল সাড়ে সাতটা থেকে তারা চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাক এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক বন্ধ করে দেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে হাজার হাজার যানবাহন আটকে পড়ে চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। কর্মজীবী মানুষ, দূরপাল্লার যাত্রী ও সাধারণ পথচারীরা দীর্ঘ সময় রাস্তায় আটকা পড়ে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে আবারো উত্তাল হয়ে উঠেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ফের চলছে সড়ক অবরোধ।
শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
সরকারি এই পদক্ষেপের পরেও শ্রমিকরা কেন রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছেন, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান। তিনি বলেন, শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সড়ক অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী যাত্রীরা।

















