রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে মহান আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনায় কাতারে বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিস্কা’ আদায়ের আহ্বান জানিয়েছেন দেশটির আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী। আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার (২৫ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি) দেশজুড়ে এই বিশেষ ইবাদত পালিত হবে।
আমীরি দেওয়ান থেকে জানানো হয়েছে, আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী নিজে লুসাইল ঈদগাহে উপস্থিত থেকে সাধারণ মুসল্লিদের সাথে এই নামাজ আদায় করবেন। কাতার আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় দেশের সকল নাগরিক ও প্রবাসীদের সুন্নাহ অনুযায়ী এ নামাজে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
ইস্তিস্কা নামাজের সময়সূচি ও নিয়মাবলী
- সময়সূচি: বৃহস্পতিবার সকাল ৫:৫৯ মিনিটে সারাদেশের নির্ধারিত মসজিদ ও ঈদগাহে এই নামাজ অনুষ্ঠিত হবে।
- প্রস্তুতি ও নিয়মাবলী: নামাজে অংশগ্রহণের আগে তওবা করা, পাপ পরিহার করা এবং দান-সদকা করার পরামর্শ দেওয়া হয়েছে। মুসল্লিদের বিনম্র চিত্তে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার মানসিকতা নিয়ে হাজির হতে বলা হয়েছে।
সালাতুল ইস্তিস্কা মূলত আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করার একটি বিশেষ ইবাদত। হাদিসের আলোকে জানা যায়, অনাবৃষ্টির সময় নবী (সা.) ও সাহাবীগণ কখনো সালাত আদায় করে, আবার কখনো সম্মিলিত মোনাজাত ও রোনাজারির মাধ্যমে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে দুয়া করেছেন। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবছরও কাতারে এই বিশেষ সুন্নাহ পালন করা হচ্ছে।
অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা এবং বৃষ্টি কামনায় ইস্তিগফার ও দুয়া করাই হচ্ছে ইস্তিস্কার মূল উদ্দেশ্য। এটি কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং মুমিনের জন্য মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা ও আনুগত্য প্রকাশের একটি মাধ্যম হিসেবে বিবেচিত হয়।

















