যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনকে কেন্দ্র করে আবারও জালিয়াতির অভিযোগ এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে একই নামের একাধিক ব্যক্তিকে নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি। ট্রাম্প পুরো বিষয়টিকে একটি ‘সম্পূর্ণ জালিয়াতি’ ও স্পষ্ট অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এটি ছিল একটি অপরাধমূলক কাজ।
ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে মোবাইল ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই গুরুতর অভিযোগ তোলেন। সাক্ষাৎকার প্রদানকালে তিনি নিউইয়র্ক টাইমসে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের উদাহরণ টানেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনে জয়ের সমীকরণ নিজেদের পক্ষে আনতে ডেমোক্র্যাটিক প্রার্থী মেরি পেলটোলার নির্বাচনি দল ও ডেমোক্র্যাটিক পার্টি একজন ‘স্পয়লার’ প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে উৎসাহিত করেছিল। এ সময় তিনি গত সপ্তাহে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরেন।
এদিকে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ঘটনাটির তদন্ত কার্যক্রম জোরদার করেছে। রিপাবলিকান দলের বর্তমান সিনেটর ড্যান সুলিভানের সঙ্গে একই নামের আরেক ব্যক্তিকে ভোটে দাঁড় করিয়ে ভোটারদের বিভ্রান্ত করার যে চেষ্টা হয়েছিল, সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। ট্রাম্পের দাবি, দ্বিতীয় সুলিভান সম্পূর্ণ বেআইনি উপায়ে এই নির্বাচনে অংশ নিতে সম্মত হয়েছিলেন, যা আইনত অপরাধ।
মার্কিন প্রেসিডেন্ট আরও অভিযোগ করেছেন, শুধু ড্যান সুলিভানের নামধারী ব্যক্তিই নন, রাজনীতির সঙ্গে বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই—এমন আরেকজন ব্যক্তিকেও এই নির্বাচনি ব্যালটে অসাধু উদ্দেশ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

















