তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র সক্রিয় হয়েছে। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য মাধ্যমের সাহায্যে এই চক্রটি সাধারণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে এলে তারা এ বিষয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘উদ্যোগ’ নামে কোনো অফিসিয়াল ফেসবুক পেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংকের নেই। এ ধরনের ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়ানো কিংবা প্রতারণার আশ্রয় নেওয়া হলে তাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনসহ প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, এই কর্মসূচিটি সম্পূর্ণ স্বচ্ছতা ও যথাযথ প্রক্রিয়ায় পরিচালিত হচ্ছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী ঋণ পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়ে অর্থ চাইলে তাদের ফাঁদে পা না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে। কোনো প্রকার বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্যও কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে সহায়তা করতে সরকার ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ তহবিল গঠন করেছে। এর অংশ হিসেবেই ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-উদ্যোগ (UDYOG)’ চালু করা হয়। গত ১৩ সেপ্টেম্বর এই কর্মসূচির অর্থায়ন সংক্রান্ত নীতিমালা প্রকাশ করা হয়েছে।
এই প্রকল্পের আওতায় একজন উদ্যোক্তা সর্বমোট ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে। উল্লেখ্য, এই ঋণ ও অনুদানের টাকা একই সাথে বিতরণ করা হয়। প্রথম পর্যায়ে আট জেলার পর গত ১ নভেম্বর থেকে অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে।

















