রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেন। তিনি গভীর রাতে ছাত্রীদের ওপর পুলিশের এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তোলেন, দেশে আদৌ কোনো সরকারব্যবস্থা কার্যকর আছে কি না।
ছাত্রীদের যৌক্তিক দাবিগুলোকে গুরুত্ব না দিয়ে পুলিশের মাধ্যমে বলপ্রয়োগের সমালোচনা করে তিনি বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট সমাধান এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন। তাদের সঙ্গে আলোচনার পরিবর্তে পুরুষ পুলিশ দিয়ে হোস্টেলের ভেতরে গিয়ে লাঠিচার্জ করার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি একে ফ্যাসিবাদী কায়দায় দমন-পীড়ন হিসেবে অভিহিত করে এ ধরনের সংস্কৃতি বন্ধের আহ্বান জানান।
ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, এই ঘটনায় যারা দায়ী তাদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো অবিলম্বে পূরণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

















