চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঝটিকা বিক্ষোভ মিছিল করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১০ নভেম্বর সকাল ৬টার দিকে বড়উঠান ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় পিএবি সড়কে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওতে দেখা যায়, মহাসড়কে অবস্থান নিয়ে নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে নানা ধরনের দলীয় স্লোগান দিচ্ছেন। স্থানীয়দের দাবি, ভিডিওটি কর্ণফুলীর কৈয়গ্রাম এলাকার। তাঁদের কয়েকজন মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভের ভিডিও বিশ্লেষণ করে স্থানীয়রা জানান, এতে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ এবং আনোয়ারা উপজেলা ছাত্রলীগ নেতা আসিফ। তাদের সবার বাড়ি মূলত কর্ণফুলী ও আনোয়ারা উপজেলা এলাকায়।
আন্দোলনরত অবস্থায় নেতাকর্মীদের শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পাশাপাশি সংগঠনের দলীয় স্লোগান ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ উচ্চারণ করতেও শোনা যায় তাদের। এছাড়া হাতে ব্যানার নিয়ে মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের এমন আকস্মিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, মিছিলের বিষয়ে পুলিশের কাছে আগে থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য ছিল না। তবে সকাল ৬টার দিকে পুলিশ মহাসড়ক থেকে দুটি পোড়া টায়ার উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















