দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।
মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরের এলাকায় ৭ জন এবং খুলনা বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় যারা নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকা মহানগরে ৩৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ১৯৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, চট্টগ্রামে ২০৬ জন, খুলনায় ২২০ জন, রাজশাহীতে ২২৯ জন, রংপুরে ৭১ জন, বরিশালে ২১১ জন এবং সিলেট বিভাগে ২০ জন ভর্তি হয়েছেন। এদিকে, রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মহানগরের ৩৬৭ জন ডেঙ্গুরোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৭৪ জনে পৌঁছেছে। বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে সর্বমোট ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

















