আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বোমা হামলা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা কখনোই সফল হবে না। যারা মনে করছেন এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনাকে ফুলের পাপড়ি দিয়ে বাংলাদেশে বরণ করে নেওয়া যাবে, তারা এ দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের সচেতন জনগণ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে রাজনীতি কিংবা নতুন কোনো সন্ত্রাসের সুযোগ দেবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান পলাশ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।
আইনমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত অনেককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এসব নাশকতার পেছনে কারা রয়েছে এবং কীভাবে তারা জড়িত, তা সরকারের কাছে তথ্য-উপাত্ত হিসেবে আছে। তিনি বলেন, কারা সন্ত্রাসের পথ বেছে নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তা দেশের সাধারণ মানুষ এখন খুব ভালোভাবেই প্রত্যক্ষ করছে।
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, মানুষের আস্থার একটি বড় জায়গা এখন সাংবাদিকতা। কোথাও কোনো হয়রানির শিকার হয়ে বিচার না পেলে মানুষ গণমাধ্যমের দ্বারস্থ হয়। এই আস্থা বজায় রাখার পাশাপাশি অপসাংবাদিকতা ও ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে, অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাহসের সঙ্গে লিখতে হবে। সরকারের সমালোচনা হলেও তাঁর কোনো আপত্তি নেই, বরং সরকারের ভুল-ত্রুটিগুলো নিরপেক্ষভাবে তুলে ধরার পরামর্শ দেন তিনি।
মন্ত্রী বলেন, গত প্রায় নয় মাসে বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের প্রচলিত সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন সম্ভব নয়, তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতেই এগিয়ে যেতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়ার লক্ষ্যে অপশক্তির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।
এদিকে সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে নতুন প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, তৎকালীন ডিবি কার্যালয়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ যখন নির্যাতনের শিকার হচ্ছিলেন, তখন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম সেখানে বসে জুস পান করছিলেন। এই দাবির সপক্ষে তাঁর কাছে প্রমাণ ও রেকর্ড রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাশেদ খাঁন আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে তিনি একটি ইতিহাস লিপিবদ্ধ করেছেন এবং বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। তিনি আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে এ বিষয়ে স্পষ্ট করার আহ্বান জানিয়ে বলেন, পুকুরপাড়ে বসে জুস পান করার বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন। তিনি প্রশ্ন রাখেন, একাত্তরের ইতিহাস বিকৃতির অভিযোগ তোলা হলেও কেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস তুলে ধরা হচ্ছে না? তাঁর দাবি, সঠিক ইতিহাস লিখলে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে।

















