সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়াস্থ বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সংরক্ষিত নারী আসনের এই সদস্যের বাড়িতে নাশকতার অভিযোগ তুলে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে চারটি পেট্রোল বোমা ছুড়ে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। ওই বাড়িতে কেয়ারটেকারের পরিবারসহ আত্মীয়স্বজন বসবাস করতেন এবং গত রাতেও সেখানে মানুষ ছিলেন বলে তিনি উল্লেখ করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদের বৈঠকের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেন, সুপরিকল্পিতভাবে চারটি পেট্রোল বোমা মেরে বাড়িতে আগুন লাগানো হয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে একপর্যায়ে সংসদ ভবনে চরম হইচই ও উত্তেজনার সৃষ্টি হয়।
নাহিদ ইসলাম আরও বলেন, গত কয়েক দিন ধরেই নুসরাত তাবাসসুমকে বিভিন্ন মহল থেকে হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা সত্ত্বেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তিনি অভিযোগ করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যাসিস্ট শক্তির উল্লাস দেখা যাচ্ছে এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ এই ঘটনার দায় স্বীকার করলেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তাদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করছেন।
বিরোধী দলের অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মধ্যরাতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তিনি জানান, প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসনকে নিয়ে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রী স্পষ্ট করেন যে, প্রাথমিক তদন্তে পেট্রোল বোমা বা নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি এবং শর্টসার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে তিনি বলেন, স্থানীয় বাসিন্দা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আলামত মূল্যায়ন করে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে এর কোনো চিহ্ন পাওয়া যায়নি। বাড়িটি পুরোনো এবং ইলেকট্রিক ওয়্যারিং দুর্বল থাকায় শর্টসার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই সরকারকে ঢালাওভাবে দায়ী করা বা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সমীচীন নয়। কোনো ধরনের নাশকতামূলক কাজের প্রমাণ মিললে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন। তবে মন্ত্রীর এমন বক্তব্যে বিরোধী দলের সদস্যরা হট্টগোল শুরু করেন এবং প্রতিবাদ জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।
অধিবেশনের শেষভাগে ডেপুটি স্পিকার কায়সার কামাল ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগের বলে মন্তব্য করেন। তিনি জানান, মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই তিনি স্বরাষ্ট্র, আইন ও জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। দেরিতে হলেও বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং যৌথ তদন্ত কমিটি কাজ করছে উল্লেখ করে তিনি পূর্ণাঙ্গ প্রতিবেদন না আসা পর্যন্ত ধৈর্য ধারণের অনুরোধ জানান। তবে সম্পূর্ণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলে জানান তিনি।

















