বাংলাদেশ ও ভারতের মধ্যে নির্ধারিত পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, সংলাপটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র আরও জানিয়েছে, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। মূলত এই পরিস্থিতির কারণেই বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, দুই দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও পারস্পরিক আইনি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য এটি নির্ধারিত ছিল। ২০১৭ সালে এই সংলাপ প্রক্রিয়া শুরু হওয়ার পর এখন পর্যন্ত চার দফা বৈঠক হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

















