মহান বিজয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে একটি প্রস্তুতিমূলক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সভায় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের যাতায়াত এবং পুষ্পস্তবক অর্পণের সময় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই এলাকা ও প্রবেশপথে পর্যাপ্ত সিসি ও আইপি ক্যামেরা বসানো হবে, যা ডিএমপি এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে।
বিজয় দিবস ঘিরে যেকোনো বিশৃঙ্খলা রোধে এসবিসহ সকল গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠান এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভারগামী প্রধান সড়কগুলোতে বিশেষ নজরদারি ও চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি অনুষ্ঠানস্থলে অগ্নিনির্বাপণী গাড়ি ও পর্যাপ্ত জনবল মোতায়েন থাকবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বিজয় দিবসের কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়েছে।

















